চাঁদপুরে জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল দুই মাসের অভিযান চলমান রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৬৮ মামলায় ৬২ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়াও ১৯ জেলেকে ৭৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ের মধ্যে ২৪টি নৌকা আটক, ৯৮ দশমিক ৩৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ছয়টি নৌকা নিলামে তুলে ২ লাখ ২৪ হাজার ৫৩৮ টাকায় বিক্রি করা হয়েছে। ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ৮১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চাঁদপুর মৎস্য অফিস জানিয়েছে, ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষায় এসব পদক্ষেপ নেয়া হয়। এদিকে চলমান অভিযান সফল করার জন্য প্রশাসনিকভাবে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, আমরা অভিযান সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সামনে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত আমাদের অভিযান অনেকটাই ভালো অবস্থানে। কোথাও কোনো সমস্যা হলে আমরা ত্বরিত ব্যবস্থা নেব।