পলিসি তৈরিতে এনবিআর জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, কোনো পলিসির কারণে এনবিআরের স্বার্থ (রাজস্ব সংগ্রহ) ক্ষুণ্ণ হলেও আমরা রাষ্ট্রীয় স্বার্থকেই প্রাধান্য দেই। সেজন্য গত তিন মাসে নিত্যপণ্যের কর ও শুল্কে আমরা অনেক ছাড় দিয়েছি।
আজ সোমবার (১১ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 'বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়' শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।
এনবিআর চেয়ারম্যান বলেন, জমি কেনাবেচার ক্ষেত্রে মিথ্যা হলফনামা দিতে হয়। সত্যিকার লেনদেনের রেকর্ড আসে না। আমরা চাই, সত্যিকার লেনদেনের ফিগারই রেকর্ড হোক। আমদানির তথ্যে স্বর্ণের পরিমাণ কম। আবার জুয়েলারিতে ভরপুর। এখানেও সত্য তথ্যটা আসা দরকার। আমরা বৈষম্যমূলক সব আইনের সংস্কার করবো। খাতির করে কর অব্যাহতি পাওয়াও আমরা চাই না।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।










