মানিকগঞ্জের সিংগাইরে সেলিম হোসেন খোকন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ছেলে কাউছার হোসেন (২২)।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম হোসেন পেশায় একজন গাড়িচালক ছিলেন। সাত মাস ধরে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সকালে পারিবারিক কলহের জের ধরে তার দ্বিতীয় ছেলে কাউছার হোসেন লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে হত্যা করে। 

সিংগাইর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই সেলিম হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।