ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেটিকে আবার চট্টগ্রামে অবতরণ করানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে সেটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মধ্যে সেটিকে ঘুরিয়ে আবার চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।
ইব্রাহীম খলিল জানান, সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফেরত আসে। পরে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।















