পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা। উভয়ের কাজ প্রায় একই রকম, নরসিংদীতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে—এ কথা বলেছেন নরসিংদীর নতুন পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো বলেন, ‘যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। গেল কয়েকদিনে জেলায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এ সংক্রান্ত ৬টি মামলা হয়েছে, প্রায় সবগুলো মামলার আসামি আমরা ধরেছি। শিবপুরে চাচাত ভাই কর্তৃক জোড়া খুনের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আমরা আসামি ধরেছি। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলার পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।’
এসপি বলেন, ‘আমরা কাজ করছি, জনগণের সাথে কথা বলছি, কোথায় কী সমস্যা, কী কারণে ঘটছে, সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকুক, আমরা তা জাই না। সকলের সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে, আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সাবেক সভাপতি নিবারণ রায়, মাখন দাসসহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।










