টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমানকে প্রতারণা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি উপজেলার খিলদা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে জামিনের আবেদন করলে বিচারক নওরীন করিম আবেদন নাকোচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কালিহাতীর মমিননগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক শরীফ আহম্মেদকে ৪ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দেন মোখলেছুর রহমান। সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে শরীফ তার অটোরিকশা বিক্রি, জমি বন্ধক ও এনজিও থেকে টাকা তুলে মোখলেছুর রহমানকে বুঝিয়ে দেন। টাকা নেয়ার পর মোখলেছুর বিদেশ না পাঠিয়ে নানা তাল বাহানা শুরু করেন। একপর্যায়ে তাকে বিদেশ পাঠাতে এবং টাকা ফেরত দিতে পারবেন না বলে জানান। এ ব্যাপারে একাধিক সালিশ করেও টাকা ফেরত না পেয়ে গত বছরের ২১ জুলাই মোখলেছুর রহমানের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন।
বাদিপক্ষের আইনজীবী মঈদুল ইসলাম শিশির বলেন, আসামি মোখলেছুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন। তিনি শরীফের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন।










