চাঁদপুরের
হাজীগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য
কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা কাদির কোনো প্রকার ছুটি না নিয়ে ১১
মাস কর্মস্থলে অনুপস্থিত। তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সের
জুনিয়র গাইনি কনসালট্যান্ট। গত বছর তিনি
এখানে যোগদান করেন। যোগদানের তিন মাস পর ছুটি না
নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। এরপর ১১ মাসেও তার
কোনো খোঁজ মেলেনি।
এদিকে তার অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। তাকে কর্মস্থলে ফিরতে ছয়বার নোটিস করেও সাড়া মেলেনি। এ নিয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গাইনি চিকিৎসক হিসেবে এখনো আছে তার নাম। কিন্তু ১১ মাস ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। এজন্য তিনি নেননি কোনো ছুটি। বারবার তাকে তাগাদা দেয়া হলেও তিনি সাড়া দেননি। ডা. সাবরিনা কাদির এখন কোথায় আছেন তাও জানেন না কেউ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে ২০২২ সালের ৬ মার্চ যোগদানের পর মাত্র তিন মাস তিনি কর্মস্থলে ছিলেন। একই বছরের ৪ জুন কাউকে কিছু না বলে উধাও হয়ে যায়। এরপর ১১ মাস হাসপাতালে অনুপস্থিত ডা. সাবরিনা। তিনি কবে নাগাদ যোগদান করবে জানতে চেয়ে তাকে একে একে ছয়বার নোটিস করার পরও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে অবগত করা হয়েছে।










