চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। মানুষের জীবনযাত্রায় অস্বস্তি বিরাজ করছে। তিনদিন পর আবারো এ জেলায় তাপমাত্রার তীব্রতা বেড়ে গেছে। তিন দিনে এ জেলায় ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে মানুষ গাছের ছায়ায় বসে থাকছে। কেউ কেউ পান করছে ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার (২৬ এপ্রিল) চুয়াডাঙ্গায় সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩২ শতাংশ। এর আগে বেলা ৩টায় জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

চুয়াডাঙ্গায় শুক্রবার দুপুরে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে। তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছেন। রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।