আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার ব্যাপারে বিএনপির কতটা আস্থা আছে— বিবিসি বাংলার সাক্ষাৎকারে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে। কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের চাওয়া অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন। সরকার ফেব্রুয়ারির ভেতর নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে, সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন।
তারেক রহমান আরো বলেন, একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না। সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে।
তিনি আরো বলেন, যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক অর্থাৎ জনগণের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কীভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।















