লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএফএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। ইদ্রিস আলী ও মো. ভাসানী নামে ওই দুই ব্যক্তি রাখাল ছিলেন বলে জানা গেছে।
কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সীমান্ত ও ভারতীয় কোচবিহার জেলার শীতলকুচি থানার সাতভান্ডারিয়া সীমান্ত গ্রামে ইদ্রিস (৪৪) ও ভাসানী (৪৫) নিহত হন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গোড়ল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান ইদ্রিস ও ভাসানীসহ ৭/৮ জনের একটি রাখাল দল। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোঁড়ে। অন্যান্যরা পালিয়ে আসতে পারলেও ইদ্রিস ও ভাসানী গুলিবিদ্ধ হন। জানা গেছে, তাদের লাশ ভারতীয় অভ্যন্তরে পড়ে আছে।
ঘটনাস্থল পরিদর্শন করার পর গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল ইসলামও ওই দুই বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল ইসলামের মোবাইলে কল করা হয়। কিন্তু তিনি ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।










