পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ তিন পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছেন, ভবিষ্যতে আরো করে দেবেন। এসব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা অর্জন করতে সন্তানদের পড়াশোনা করাতে অভিভাবকদের মধ্যে জোর চেষ্টা থাকতে হবে। একই সঙ্গে এনজিওর কার্যক্রমে নজরদারি ও তদারকি বাড়াতে এবং বসতবাড়ির আঙিনায় আখ, তুলাসহ প্রভৃতি কৃষিপণ্যের প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।’
গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের এম্পুপাড়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্মিত একটি জুনিয়র হাইস্কুলের উদ্বোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৫৯১টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ ও পরিকল্পনা) উপসচিব হারুন অর রশিদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সৈয়দ আমীর হোসেন।










