দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে মুন্সিগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নোয়াখালী, নওগাঁ ও মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

মুন্সিগঞ্জ: জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে গজারিয়া মহাসড়কের ভবেরচর ঈদগাহ এলাকায় বাসের ধাক্কায় আক্তার হোসেন ঢালী (৬৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত আক্তার হোসেন ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ এলাকায় ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে কুমিল্লাগামী লেনে যাচ্ছিলেন আক্তার হোসেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আক্তার হোসেন মারা যান। এর আগে বুধবার রাতে ভবেরচর ঈদগাহ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় একজন নিহত হন। বয়স আনুমানিক ৪৫ বছর। 

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় অটোরিকশায় বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয় অন্তত পাঁচজন। গতকাল গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ি গ্রামে।

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে বাবার বাইসাইকেল থেকে ছিটকে পড়ার পর ট্রাকচাকায় পিষ্ট হয়ে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে জেলার উপজেলার সোনাহাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সানজিদা (১২)। বাবা শহিদুল ইসলামের বাইসাইকেলের পেছনে করে বাড়ি ফিরছিল সে। কিন্তু সোনাহাট সেতু পার হওয়ার সময় হঠাৎ সাইকেল থেকে ছিটকে পড়ে শিশুটি। এ সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। 

ঢাকা: রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কন্যাশিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইলমা নামের তিন বছরের শিশুটি শাহ আলী ই-ব্লকের ২ নম্বর সড়কে তাদের বাসার সামনে দাঁড়িয়েছিল। এ সময় সেখানে একটি কাভার্ড ভ্যান থেকে নানা ধরনের পণ্য নামানো হচ্ছিল। কাভার্ড ভ্যানটি পেছন দিকে যাওয়ার সময় ইলমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

চট্টগ্রাম: জেলার বাঁশখালীতে ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে উপজেলার গন্ডামারা বাজার ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরকানুল ইসলাম (১৬) উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের ছেলে। সে আনোয়ার বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। গতকাল দুপুরে পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিল আরকানুলসহ তার সহপাঠীরা। পথে শিলকৃপ ১ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছলে পণ্যবাহী একটি ট্রাক উল্টে গিয়ে অটোরিকশার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলে আরকানুল ইসলাম নিহত হয়। 

গাজীপুর: মহানগরীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিমেন্ট কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে পুবাইল থানার মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন বড়ুয়া (২৯) চট্টগ্রামের পটিয়া থানার ভাণ্ডারগাঁও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। 

নোয়াখালী: জেলার সেনবাগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরে কাবিলপুর ইউনিয়নের আজিরপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ইসলাম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। 

নওগাঁ: জেলার সাপাহারে ট্রাকচাপায় কুলছুম খাতুন (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সরাইগাছী-মহাদেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলছুম সাপাহার উপজেলার চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে। সে চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা খাতুন জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

মাদারীপুর: জেলায় ট্রাকের ধাক্কায় তারক পাল (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার রাস্তি-পুরান বাজার সড়কের আহমদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারক পাল (২২) সদর উপজেলার রাস্তি এলাকার বাবু পালের ছেলে। স্থানীয়রা জানান, ইটবোঝাই করে একটি ট্রাক মাদারীপুর শহরের পুরান বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাস্তি-পুরান বাজার সড়কের আহমদিয়া মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারক। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।