বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে গোদাগাড়ী পৌর বিএনপির দুটি গ্রুপ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশের জন্য আমরা ৩ সেপ্টেম্বর অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেয়া হয়। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ তবে সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সেদিকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।










