নড়াইলের বীরগ্রামে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উজিরপুর বিলের মধ্যে থেকে মরদেহ দুটি উদ্ধার করে নড়াইল সদর থানা পুলিশ।

মৃতদের মধ্যে আসাদুর শেখ (৩৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আব্দুর গফুর শেখের ছেলে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।  

এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে নড়াইল সদরে বীরগ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে ৭-৮ জনের একটি দল গরু চুরির জন্য হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। এসময় উজিরপুর বিলের মধ্যে দুজনকে ধরে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতলে পাঠায়।

এদিকে গত এক মাসের মধ্যে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ সময়ের মধ্যে কয়েকজন কৃষকের অর্ধশতাধিক গরু চুরি হয় বলে জানা গেছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।