খাদ্য প্রস্তুতে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা গেছে, রেস্টুরেন্টে ড্রেস কোড ও গ্লাভস ছাড়া খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এমনকি স্টোর রুমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখা হয়েছে।

1000108508

এ অবস্থায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে দ্রুত পরিস্থিতির উন্নয়নের নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন ও সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগিতা করেন।