টানা সাতদিন বিভিন্ন সময়ে বিঘ্নিত হতে পারে ‘‌বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিস-১) এর সেবা। আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত এ সেবা বিঘ্নিত হতে পারে। সৌর ব্যতিচারের কারণে এ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিএল সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। স্যাটেলাইট সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাব্য সময়সূচি হলো, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ থেকে ১০টা ১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ থেকে ১০টা ২ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ থেকে ১০টা ৯ মিনিট।