ভাতিজিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের কৃষক মশিউর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। সেই সঙ্গে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তার স্বামী বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থক। এ কারণে প্রতিপক্ষরা অনেক দিন ধরেই তাকে নানাভাবে হয়রানি করে আসছিল।
সম্প্রতি প্রতিপক্ষ গ্রুপের শিহাব মশিউর রহমানের এক ভাতিজিকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করায় মশিউর রহমান ও তার মামাতো ভাই ডলার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ দলের মুক্তার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদের দেখে নেয়ার হুমকি দেন। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে ৫ জন আহত হয়।
মাগুরার শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










