মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউলশিল্পী আবুল সরকারের গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতার’ ব্যানারে একদল ব্যক্তি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এ অবস্থায় বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। এতে তিনজন বাউল ভক্তসহ চারজন আহত হন।
পুলিশ জানায়, সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’। সমাবেশ থেকে বেরিয়ে তাদের একটি অংশ বাউলভক্তদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।
আহতরা হলেন শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। হামলার সময় তৌহিদি জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।’










