হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের স্বাস্থ্য পরিবারের আয়োজনে গতকাল সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে জেলা সদর হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রুকন উদ্দিন মোল্লা, মেডিকেল টেকনোলজিস্ট  কামরুজ্জামান কামরুল, এসএম জাকারিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিতে গিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।