লালমনিরহাটে চিলমারী কমিউটার নামে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লালমনিরহাটের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বর্তমানে ৩টি ট্রেন পৃথক পৃথক স্টেশনে দাঁড়িয়ে আছে। এতে যাত্রী দুর্ভোগ চরমে আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর স্টেশনে প্রবেশের সময় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সদর দফতর সূত্র জানায়, চিলমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ‘চিলমারী কমিউটার’ ট্রেনটি লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এ কারণে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি তিস্তা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ফলে লালমনিরহাট রেলওয়ে সদর দফতরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

লালমনিরহাট প্লাটফর্মে অপেক্ষমাণ বুড়িমারীগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় আছি। এখনো ট্রেনের কোনো খবর নেই। অথচ দুপুর ২টায় লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, প্লাটফর্মে সময়মতো ট্রেনগুলো না পৌঁছানোর কারণে যাত্রীদের ভিড় রয়েছে। তবে কর্তৃপক্ষ দ্রুত লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে লাইন ক্লিয়ারের চেষ্টা করছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মো. আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী একটি দল পাঠানো হয়েছে। আশা করা যায়, কিছুক্ষণের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরই ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।