জার্মানিতে অনুষ্ঠেয় আইএফএ ট্রেড শোতে প্রদর্শিত হবে বেস্পোক। এর মাধ্যমে ইউরোপের গৃহস্থালি পণ্যবাজারে প্রবেশ করতে যাচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। ২০১৯ সালে উন্মোচিত দ্য বেস্পোক ব্র্যান্ডের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে চাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক শিল্প জায়ান্টটি। বেস্পোক হচ্ছে একটি বিল্ট-ইন কিচেন সেটআপ, যেখানে সহজেই রান্নাঘরের সব কাজ সারা যাবে। ২০১৯ সালে একটি ফ্ল্যাগশিপ রেফ্রিজারেটর বাজারে আনে স্যামসাং, যা এখন পর্যন্ত ২০ লাখ ইউনিটের বেশি বিক্রি হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার বাজারে স্যামসাংয়ের বিক্রীত প্রতি তিন রেফ্রিজারেটরের দুটিই বেস্পোক ব্র্যান্ডের। গত বছরে ইউরোপের বাজারে এ ব্র্যান্ডের রেফ্রিজারেটর বিক্রি ছয় গুণ বেড়েছে। তবে কত ইউনিট বিক্রি হয়েছে এ তথ্য প্রকাশ করেনি স্যামসাং ইলেকট্রনিকস। সাম্প্রতিক দিনগুলোয় ইউরোপের বিল্ট-ইন পণ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা।