কালীপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সংগঠন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব কালীপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এক চিঠির মাধ্যমে ভোমরা কাস্টমস হাউজ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আমদানি-রফতানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। পরে ভোমরা বন্দরের ব্যবসায়ীরাও তাদের এ সিদ্ধান্তের সঙ্গে একমত হন।

তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমসের অন্যান্য দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাশাপাশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমান।

তিনি বলেন, এ উপলক্ষে বাংলাদেশে বন্দরের সরকারি ছুটি না থাকলেও ভারতের ঘোজাডাঙ্গার সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা আজ কোনো ধরনের পণ্য আমদানি-রফতানি করবেন না বলে জানিয়েছেন। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরাও তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। আগামীকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বণিক বার্তাকে বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে কালীপূজা উপলক্ষে আজ সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে আলোচনা করে ভোমরা সিঅ্যান্ডএফের নেতারাও তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত হন। এর পরিপ্রেক্ষিতে আজ ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।