দক্ষিণ আমেরিকার দেশগুলো সংকটময় শরত্কালের জন্য অপেক্ষমাণ, কেননা বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধির ফলে আগামী কয়েক মাসে আরো বিক্ষোভের ঝুঁকি তৈরি করছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এরই মধ্যে আর্জেন্টিনা, একুয়েডর ও পানামায় বিক্ষোভ দেখা দিয়েছে। এসব দেশের প্রতিবেশী দেশগুলোর পাম্পে মূল্যবৃদ্ধি সংবেদনশীল হতে পারে। কারণ এসব অঞ্চলে পরিবহনের বিকল্প উপায় নেই, বিশেষ করে রেলপথ ও জলপথে। এটি উত্তর আমেরিকা ও ইউরোপে খুব সাধারণ বিষয়। এ অবস্থায় গ্যাসোলিনের অব্যাহত মূল্যবৃদ্ধি লাতিন আমেরিকাজুড়ে খাদ্যনিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর সিএনএন।
কলম্বিয়ার রাজধানী বোগোটায় অবস্থিত বাণিজ্য পরামর্শক প্রতিষ্ঠান কলম্বিয়াস রিস্ক অ্যানালাইসিসের পরিচালক সার্জিও গুজম্যান বলেছেন, পুরো অর্থনীতির নোঙর হলো জ্বালানির মূল্য। যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে সব ধরনের দামের ক্ষেত্রেই সরাসরি তার প্রভাব পড়ে।
সমস্যাটিকে আরো বাড়িয়ে তুলছে এ অঞ্চলে আরো কিছু খাতে আগের চেয়ে বাড়তি জ্বালানির প্রয়োজনীয়তা। বিপরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষতিপূরণও দিতে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, একুয়েডরে কলা প্রধান রফতানি কৃষিপণ্য। ডিজেলচালিত সেচপাম্প দিয়ে চাষকৃত কলা বাগানে পানি দেয়া এবং সরিয়ে নেয়া জরুরি হয়ে পড়ে। বিশেষ করে যখন দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়।
গুয়াইয়াকুইলের কলা বাণিজ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান পালসো ব্যানানেরোর রাউল ভিলাক্রেসের মতে, গত বছর একুয়েডরের কলা উৎপাদন আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমেছে। এর পেছনে ডিজেল ও গ্যাসোলিনের মূল্যবৃদ্ধি অন্যতম কারণ।
একইভাবে আক্রান্ত কলম্বিয়ার মৎস্য খাত। অথচ বিশ্বের সবচেয়ে কম দামে জ্বালানি তেল সুবিধাপ্রাপ্তদের মধ্যে এখানকার বাসিন্দারা অন্যতম। তবু দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় যখন জুলাইয়ের শুরুতে নতুন করে নিয়ন্ত্রিত মূল্য ঘোষণা করে তখন দেশজুড়ে একটি ঝাঁকুনি তৈরি করে।
সপ্তাহে দুবার কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত বন্দরনগরী বুয়েনাভেঞ্চুরা ত্যাগ করেন মৎস্যজীবী জিমি মুরিলো। ফিরে আসার আগে তিনি দু-তিনদিন কাটান সমুদ্রে। কিন্তু ইদানীং এসব ট্রিপ দীর্ঘ হয়ে গিয়েছে। কেননা মাছ কমে গিয়েছে এবং জেলেরা আরো ভালো শিকার খুঁজতে উপকূলগুলোতে যাচ্ছেন।
মাছ কমে যাওয়ার একটি কারণ হলো জলবায়ু পরিবর্তন। ফলে মুরিলোর মতো মৎস্যজীবীদের এ প্রভাব মোকাবেলা করতে (আরো মাছ ধরতে) আরো জ্বালানি খরচ করতে হবে। এসব কারণে মুরিলো সিএনএনকে বলেন, বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং কলম্বিয়ায় আরো প্রবল বৃষ্টিপাতের ফলে নদী এবং স্রোতগুলো তাদের জলে আরো বালি ও মাটি বহন করে সমুদ্রে এসে পৌঁছায় এবং সে কারণে বেশির ভাগ মাছ আরো দূরে চলে যায়, যেখানে পানি পরিষ্কার ও শীতল।
মুরিলো সিএনএনকে বলেন, জানুয়ারিতে আমাদের নৌকার জ্বালানি খরচ ছিল প্রতি গ্যালনে ৮ হাজার পেসো (১ দশমিক ৯৬ ডলার)। বর্তমানে এ দাম বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮০০ পেসোর (২ দশমিক ৭০ ডলার) বেশি।
এপ্রিলে বিশ্বব্যাংক চলতি বছর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমিয়ে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। একই সময়ে বিশ্বব্যাংক অনুমান করছে, লাতিন আমেরিকার দেশগুলো গত ২০ বছরে জলবায়ুসংক্রান্ত বিপর্যয়ের কারণে তাদের জিডিপির ১ দশমিক ৭ শতাংশ হারিয়েছে।
পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকার কৃষি খাত আগুনের ওপর থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।









