ভারতের স্বর্ণ আমদানি খাতে মন্দা ভাব দেখা দিয়েছে। সদ্যবিদায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি আগের তুলনায় কমে ৫৬০ টনের নিচে নেমে এসেছে। এর মধ্য দিয়ে ভারতে স্বর্ণ আমদানি এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস।
১ এপ্রিল থেকে ভারতে নতুন অর্থবছর শুরু হয়েছে। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশটিতে সব মিলিয়ে ৫৫৯ দশমিক ৬ টন স্বর্ণ আমদানি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগের অর্থবছরে দেশটিতে মোট ৭৭৫ দশমিক ৪ টন স্বর্ণ আমদানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে মূল্যবান ধাতুটির আমদানি কমেছে ২১৫ দশমিক ৮ টন। গত অর্থবছরে দেশটিতে স্বর্ণ আমদানি এক দশকের সর্বনিম্নে নেমেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ২ হাজার ৭০০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করেছেন। আগের বছরে মূল্যবার ধাতুটির আমদানি ব্যয় ছিল ৩ হাজার ২৮৯ কোটি ৭০ লাখ ডলার।
২০১২-১৩ অর্থবছরে ভারতে সব মিলিয়ে ৮৯০ দশমিক ৩ টন স্বর্ণ আমদানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। পরের অর্থবছরে মূল্যবান ধাতুটির আমদানি কমে দাঁড়ায় ৭৭৬ দশমিক ৯ টনে। ২০১৪-১৫ অর্থবছরে ৯৪২ দশমিক ৭ টন আমদানি করার মধ্য দিয়ে ফের প্রবৃদ্ধির ধারায় ফেরে দেশটির স্বর্ণ আমদানি খাত। ২০১৫-১৬ অর্থবছরে মূল্যবান ধাতুটির আমদানি ফের কমে ৮২০ দশমিক ৮ টনে নেমে আসে।
২০১৬-১৭ অর্থবছরে দেশটিতে স্বর্ণ আমদানি আরো কমে দাঁড়ায় ৬৯০ দশমিক ৫ টনে। তবে পরের অর্থবছরে তা ফের প্রবৃদ্ধির ধারায় ফেরে। ২০১৭-১৮ অর্থবছরে ভারতে মোট ৭৭৬ দশমিক ৩ টন স্বর্ণ আমদানি হয়। পরের অর্থবছরে ভারতে মূল্যবান ধাতুটির আমদানি বেড়ে ৭৭৫ দশমিক ৪ টনে উন্নীত হয়।
এদিকে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সাকল্যে ১৮ টন স্বর্ণ আমদানি করেছেন। গত বছরের একই সময়ে দেশটিতে ৭২ দশমিক ৫ টন স্বর্ণ আমদানি হয়েছিল। মূলত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও দেশজুড়ে লকডাউন চলমান থাকায় গত মাসে ভারতে স্বর্ণ আমদানি কমেছে।









