চীনে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে নতুন করে সংক্রমণ আগের তুলনায় কমে এসেছে। একই সঙ্গে ব্রাজিলের খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান ভেলে এসএ আকরিক লোহার উত্তোলন কমিয়ে আনার কথা জানিয়েছে। এ দুইয়ের প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির বাজারে। চীনে আকরিক লোহার দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। খবর সিনহুয়া ও বিজনেস রেকর্ডার।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম দাঁড়িয়েছে ৬২২ ইউয়ান বা ৮৯ ডলার ৩০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। গত ২৩ জানুয়ারির পর চীনের বাজারে আকরিক লোহার এটাই সর্বোচ্চ দাম।

বেইজিংভিত্তিক পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিআরইউ কনসালট্যান্টের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক রিচার্ড লু বলেন, চীনসহ বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমতির দিকে ছিল। বৃহস্পতিবার চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন দেশটিতে নতুন করে ২ হাজার ১৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৩০ জানুয়ারির পর একদিনে নভেল করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের এটাই সবচেয়ে বেশি সংখ্যা। এর প্রভাব পড়েছে আকরিক লোহার দামে।

এদিকে ব্রাজিলীয় কোম্পানি ভেলে জানিয়েছে, ২০১৯ সালের সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির আওতাধীন খনিগুলো থেকে আকরিক লোহা উত্তোলন আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২২ দশমিক ৪ শতাংশ কমেছে। এ তথ্য চীনের বাজারে আকরিক লোহার দাম বাড়িয়ে দিয়েছে বলে জানান রিচার্ড লু।