টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদনের পাশাপাশি আর্থিক প্রতিবেদন প্রকাশ, সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও করপোরেট সুশাসন নিশ্চিত করছে। যার পরিপ্রেক্ষিতে টানা পাঁচবার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ ও টানা চারবার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘সেলিব্রেটিং করপোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম ও এমডি এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমডি ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম। —বিজ্ঞপ্তি