চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুর রহমান মজুমদার। গতকাল তিনি এমডি পদে যোগ দিয়েছেন। সিএসইতে যোগদানের আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চিফ অপারেটিং অফিসার (সিওও) ছিলেন। তার আগে ২০১৬-১৯ মেয়াদে মো. সাইফুর রহমান সিএসইর এমডির দায়িত্ব পালন করেন।
সাইফুর রহমান ২৭ বছর ধরে বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রফতানি ও উৎপাদন ব্যবস্থাপনা, এইচআর ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি বেসরকারি খাতের করপোরেট সংস্থায় বিভিন্ন পদ, যেমন কোম্পানি সচিব, অর্থ নিয়ন্ত্রক, অর্থ পরিচালক, নির্বাহী পরিচালক, সিইও, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।
সাইফুর রহমান মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান), এমকম (হিসাববিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পাদনের সময় তিনি বাংলাদেশের অডিট এবং পরামর্শদাতা সংস্থা কেপিএমজি রহমান রহমান হকের সঙ্গে কাজ করেন।









