চার দিনব্যাপী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিকস শো ২০২৫-এর শীতকালীন সংস্করণ এবং অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো শুরু হচ্ছে ২৮ জানুয়ারি। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। তিনি বলেন, ‘আগামী ২৮-৩১ জানুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠেয় প্রদর্শনী দুটিতে ২৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিবন্ধন সাপেক্ষে দর্শনার্থীদের জন্য প্রদর্শনী দুটি উন্মুক্ত থাকবে।

সিসিপিআইটি টেক্সের সেক্রেটারি জেনারেল চেন বো এবং সিসিপিআইটি টেক্সের ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক এবং সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান।