গ্রাহক পর্যায়ে ইলেকট্রনিকস পণ্য বা গ্যাজেটের চাহিদা কমে গিয়েছে। ফলে চলতি বছরের মে-জুলাই সময়ে মুনাফায় পতন দেখেছে বিশ্বের অন্যতম ভোক্তা ইলেকট্রনিকস চেইন বেস্ট বাই। বিক্রি কমার পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে মুনাফায় বিরূপ প্রভাব পড়েছে। খবর এপি।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বেস্ট বাইয়ের যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা গবেষক ও বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম। কভিড-১৯ মহামারীর সময় বাসা থেকে কাজ করা ও শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বেস্ট বাইয়ের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছিল। মূলত সে সময় গ্রাহকদের মধ্যে ডিভাইস ব্যবহারের চাহিদাও অনেক বেড়েছিল।
গত বছর সরকার প্রদত্ত প্রণোদনা সহায়তার কারণেও বিক্রি বেড়েছিল। অনেক খুচরা বিক্রেতার ধারণা, কভিড-১৯ মহামারীর সময় বেস্ট বাই যেভাবে মুনাফা অর্জন করেছে এখন সেটি আরো কমবে। কেননা এখন সরকার থেকে কোনো সহায়তাও দেয়া হচ্ছে না এবং গ্রাহকরা কভিড-১৯ মহামারীপূর্ব সাধারণ জীবনযাপনে ফিরে যাবে।
অন্যদিকে খাবার ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোকে ব্যয়ের বিষয়ে আরো সতর্ক হতে হয়েছে। বর্তমানে ভোক্তারা প্রয়োজন না হলে নতুন কাপড়, বৈদ্যুতিক পণ্য, আসবাব থেকে শুরু করে কোনো কিছুই কিনছে না। এছাড়া ব্যয়ের খাতও গত বছরের তুলনায় দ্রুতগতিতে পরিবর্তিত হয়েছে। মহামারীর সময় ঘরে অবস্থান করলেও লকডাউন ও বিধিনিষেধ প্রত্যাহারের পর মার্কিন নাগরিকদের বাইরে খাওয়া-দাওয়া থেকে শুরু করে চলচ্চিত্র দেখা ও ভ্রমণে বেশি সময় ও অর্থ ব্যয় করছে।
মে-জুলাই সময়ে বেস্ট বাইয়ের মুনাফা ৬০ শতাংশ কমে ৩০ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। শেয়ারপ্রতি এ মুনাফার পরিমাণ ১ ডলার ৩৫ সেন্ট। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির মুনাফা ছিল ৭৩ কোটি ৪০ লাখ ডলার বা শেয়ারপ্রতি ২ ডলার ৯০ সেন্ট। এ সময়ে সংস্থাটির আয় ১৩ শতাংশ কমে ১ হাজার ৩৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বর্তমানে কোন বিষয়ে পরিবর্তন এসেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেস্ট বাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোরি ব্যারি বলেন, এখন যে পরিস্থিতি—এর আগে কখনো এমন কিছু হয়নি। তিনি বলেন, খাদ্য, বাসা ভাড়া ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গ্রাহকরা বর্তমানে টেলিভিশন কেনার ক্ষেত্রে কম ব্যয় করছে। স্মার্টফোন পরিবর্তনের ক্ষেত্রে ভোক্তারা কাছাকাছি বা একই মডেলের ডিভাইস কিনছে। পাশাপাশি তারা বিভিন্ন অফারের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে।









