জাপানে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ম্যারিয়ট। ২০২৪ সালের মধ্যে পূর্ব এশিয়ার দেশটিতে হোটেলের সংখ্যা ৩০ শতাংশ বাড়িয়ে প্রায় ১০০টিতে উন্নীত করতে চায় মার্কিন হোটেল রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।
নিক্কেই এশিয়ার খবর অনুসারে, কভিডের বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধার এবং সীমান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় ভ্রমণ বাড়বে বলে আশা করছে ম্যারিয়ট। ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট ব্র্যান্ডের অধীনে দেশটির বিভিন্ন শহরে হোটেল খোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ম্যারিয়ট জাপানে কার্যক্রম শুরু করেছিল। এ হোটেলগুলো সাধারণত সড়কের ধারে অবস্থিত। স্থানীয় আকর্ষণগুলো হাইলাইট করার জন্য প্রতিষ্ঠানটি আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে কাজ করে। একা ভ্রমণ করা এবং তরুণদের কাছে জনপ্রিয় এ হোটেলের খরচ প্রতি রাতে প্রায় ১৫ হাজার ইয়েন (১০৭ ডলার)।
ম্যারিয়ট জাপানের বড় শহর ও অবকাশ যাপনের গন্তব্যগুলোয় দ্য রিটজ-কার্লটন, শেরাটন ও ওয়েস্টিনের মতো উচ্চতর ব্র্যান্ড পরিচালনা করে। সংস্থাটি দক্ষিণ-পশ্চিম জাপানের কিউশু অঞ্চল নিয়ে বেশি আগ্রহী। মিয়াজাকি শহরে একটি শেরাটন রিসোর্ট পরিচালনা করে ম্যারিয়ট। পাশাপাশি আড়াই বছরে এ অঞ্চলে ১০টি হোটেল করার লক্ষ্য প্রতিষ্ঠানটির।









