বিদায়ী বছরে চীনের বাজারে চা রফতানিতে নতুন রেকর্ড গড়েছে শ্রীলংকা। এ সময় দেশটি থেকে চীনে পানীয় পণ্যটির সম্মিলিত রফতানি ১ কোটি ১৫ লাখ কেজির মাইলফলক পেরিয়ে গেছে। এর মধ্য দিয়ে ২০১৯ সালে শ্রীলংকার ইতিহাসে চীনের বাজারে সবচেয়ে বেশি চা রফতানি হয়েছে। খবর সিনহুয়া।

শ্রীলংকার শীর্ষস্থানীয় টি ব্রোকার এশিয়া সিয়াকা কমোডিটিজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে শ্রীলংকা থেকে চীনের বাজারে সব মিলিয়ে ১ কোটি ১৮ লাখ কেজি চা রফতানি হয়েছে। দেশটির ইতিহাসে এটাই চীনে চা রফতানির সর্বোচ্চ রেকর্ড।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাঁচ বছর আগেও শ্রীলংকা থেকে চীনে ৫৩ লাখ টন চা রফতানি হয়েছিল। সে হিসাবে পাঁচ বছরের ব্যবধানে দেশটি থেকে চীনে পানীয় পণ্যটির রফতানি দ্বিগুণের বেশি বেড়েছে।

২০১৮ সালে চীন সব মিলিয়ে ৩ কোটি ৫০ লাখ টন চা আমদানি করেছিল। এর মধ্যে শ্রীলংকার হিস্যা ছিল ২৯ শতাংশ। গত বছর চীনে চায়ের আমদানি বাজারে শ্রীলংকার হিস্যা বেড়ে ৩০ শতাংশ ছাড়িয়েছে। এ সময় চীন ছাড়াও তুরস্ক, ইরান, রাশিয়ায় চা রফতানি বাড়িয়েছে শ্রীলংকান রফতানিকারকরা।