এসিআই লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১ টাকা ৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।