ভারতে কয়েক মাসের ঊর্ধ্বগতির পরে খুচরা মূল্যস্ফীতি কিছুটা ধীর হয়েছে। জুনে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৭ শতাংশ বেড়েছে। আগের মাসে ছিল ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। খবর দ্য প্রিন্ট।
ভারতের পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন মন্ত্রণালয়ের জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ও ভোজ্যতেলের দাম মূল্যস্ফীতির গতি ধীর করতে সহায়তা করেছে। জুনে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৬ শতাংশে উন্নীত হয়েছে। গত মাসে দেশটিতে শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে পণ্যের মূল্য বেশি ছিল।
জুনে গ্রামাঞ্চলের সিপিআই ৭ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এ হার ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। যেখানে ২০২১ সালের জুনে গ্রামাঞ্চলের সিপিআই ৬ দশমিক ১৬ শতাংশ ছিল। অন্যদিকে ভারতে শহরাঞ্চলে গত মাসে মূল্যস্ফীতি ৬ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। এটি আগের মাসে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হয়, জুনে ভারতের সব প্রদেশের শহরাঞ্চলের ১ হাজার ১১৪টি এবং গ্রামাঞ্চলের ১ হাজার ১৮১টি বাজার থেকে পণ্যমূল্যের এ তথ্য সংগ্রহ করা হয়েছে।









