ইউরোপ থেকে সৌদি আরবে ২০টি নতুন রুট চালু করতে যাচ্ছে উইজ এয়ার। সৌদি আরবের পর্যটন খাতকে এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরির বাজেট এয়ারলাইনসটি। ফলে যেমন আকাশপথে সংযোগ বাড়বে, তেমনই দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতের উন্নয়ন হবে বলেও ধারণা করা হচ্ছে। খবর ন্যাশনাল নিউজ।
উইজ এয়ার এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ফ্লাইট পরিচালনা করবে। সেই সঙ্গে রোমানিয়ার রাজধানী বুচারেস্ট, ইতালির রাজধানী রোমের পাশাপাশি কাতানিয়া, মিলান, ন্যাপলস ও ভেনিস শহর থেকেও ফ্লাইট চালু করবে। তাছাড়া সাইপ্রাসের রাজধানী লারনাকা, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, আলবানিয়ার রাজধানী তিরানা এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা ও দাম্মাম শহরে ফ্লাইট চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উইজ এয়ার জানিয়েছে, ভাড়া শুরু হবে ৫৪ দশমিক ৯৯ ইউরো থেকে। ভিয়েনা-জেদ্দা রুটে প্রথম ফ্লাইট ১৩ ডিসেম্বর ওড়ার কথা রয়েছে। পরবর্তী সময়ে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে আরো কিছু ফ্লাইট নতুন করে যুক্ত হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি। উইজ এয়ারের এমন পদক্ষেপের ফলে আগামী বছরে আরো ১০ লাখ বাড়তি সফরকারী সৌদি আরবে পা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
উইজ এয়ারের প্রধান নির্বাহী জজসেফ ভারাদি বলেন, এয়ারলাইনসটির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক ঘোষণা এটি। এমন ঘোষণা সৌদি আরবের জন্যও খুবই প্রয়োজনীয়। কারণ দেশটি এখন পর্যটন খাতকে উন্নত করার জন্য এয়ারলাইনস খাতকে ঢেলে সাজাতে চাইছে।
তিনি আরো বলেন, আমার মনে হয় সৌদি আরব ঠিক পথেই আছে। এর মাধ্যমে এয়ারলাইনস খাতের তাত্পর্যপূর্ণ সুযোগগুলোকে প্রতিফলিত করা যাবে। আমরা সেখানে প্রথম পদক্ষেপ গ্রহণকারী হিসেবে সুবিধাগুলো অর্জন করতে চাই।
২০৩০ সালের মধ্যে সৌদি আরব আকাশপথে যাত্রীর সংখ্যা তিন গুণ করার পূর্বাভাসের মধ্যেই এমন ঘোষণা দেয়া হলো। এ সময়ে সরাসরি যাতায়াতের ২৫০টি গন্তব্য সামনে আনতে চায় সৌদি আরব, সেই সঙ্গে জ্বালানি তেলকে দূরে রেখে দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনার জন্য এভিয়েশন কৌশলে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত করতে চায় দেশটি।









