সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও রূপালী ব্যাংক পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ক্যাপিটাল: বাজার পর্যালোচনায় দেখা যায়, ১ জানুয়ারি ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর ছিল ৮ টাকা ৫০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সিদ্ধান্ত নেয়নি ইউনিয়ন ক্যাপিটাল।
রূপালী ব্যাংক: বাজার পর্যালোচনায় দেখা যায়, ৩ জানুয়ারি ব্যাংকটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৭০ পয়সা। এর পর থেকে ব্যাংকটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৮ টাকা ২০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা ২০ থেকে ৩৯ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৩ পয়সায়।








