ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে পশ্চিমা প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে সুযোগ বুঝে ব্যবসা বিক্রি করে বেরিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে বাদ সেধেছে মস্কো। দেশটি থেকে বেরিয়ে যাওয়া বন্ধে ক্রেমলিন নানা বিধিনিষেধ আরোপ করেছে। এ অবস্থায় রুশ কার্যক্রম চালাতে কর্মী খোঁজা শুরু করেছে বিদেশী ব্যাংকগুলো। এমন পদক্ষেপ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটি ও অস্ট্রিয়ান ব্যাংকিং গ্রুপ রাইফিসেন ব্যাংক ইন্টারন্যাশনাল। শিল্প সূত্র ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিস্তৃত খাতে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এ নিষেধাজ্ঞার আওতায় বেশির ভাগ প্রতিষ্ঠান দেশটিতে কার্যক্রম স্থগিত কিংবা বিক্রি করে বেরিয়ে এসেছে। তবে এমন পদক্ষেপ থামাতে বেরিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেয় মস্কো।
গত সপ্তাহে অর্থ প্রতিমন্ত্রী অ্যালেক্সি মোইসেভ বলেন, রাশিয়া বিদেশী ব্যাংকের ব্যবসা বিক্রি বন্ধ করবে। যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ ব্যাংকগুলো দেশের বাইরে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
এমন পরিস্থিতিতে বিদেশী ব্যাংকগুলো শূন্যপদে কর্মী নিয়োগের চেষ্টা শুরু করেছে। কার্যক্রম স্থগিত ও সংকোচনের কারণে ব্যাংকগুলো থেকে অনেক কর্মী চাকরি ছেড়ে চলে যাওয়ায় শূন্যপদও বেড়েছে।
রুশ ব্যাংক খাতের একটি সূত্র জানিয়েছে, বিদেশী ব্যাংকগুলো কর্মী নিয়োগ করা শুরু করছে। কারণ প্রতিষ্ঠানগুলো বুঝতে পারছে যে রাশিয়া থেকে সহজে প্রস্থান করতে পারবে না।
রাশিয়ার অন্যতম শীর্ষ নিয়োগকারী সংস্থা হেডহান্টার রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক ব্যাংকগুলো রাশিয়ায় কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল। তবে জুলাইয়ে এসে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে। চলতি মাসে রাইফিসেন ব্যাংক ইন্টারন্যাশনাল দেশটিতে ২৭৬ জন কর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সিটি গ্রুপ দেশটিতে ৮৪ জন কর্মী খুঁজছে।
বিষয়টি নিয়ে সিটি গ্রুপ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এপ্রিল-জুন সময়ে রাশিয়ায় ৮৪০ কোটি ডলার লোকসান গোনা ব্যাংকটি জানিয়েছে, প্রতিষ্ঠানটি দেশটির ভোক্তা ও বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা থেকে বেরিয়ে আসার জন্য সব বিকল্প অনুসন্ধান করছে। এ নিয়ে রাইফিসেন ব্যাংকও রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
মস্কোর একটি বিদেশী ব্যাংকের সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিদেশী ব্যাংকগুলো রুশ কার্যক্রম বন্ধ করা নিয়ে চাকরি হারানোর শঙ্কায় ছিলেন কর্মীরা। তবে অর্থ প্রতিমন্ত্রী অ্যালেক্সি মোইসেভের মন্তব্যের পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা দেয়ার পর তাদের আশঙ্কা আরো কমে গিয়েছে। পাশাপাশি এ সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এমন কিছুর আশঙ্কায় অনেক রুশ বিদেশী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন। তবে শূন্যপদে কর্মী নিয়োগ দেয়া হলেও দেশটিতে ব্যবসা সম্প্রসারণের কোনো সংকেত নেই বলেও মনে করছে সূত্রটি।
২০২১ সাল শেষে রাশিয়ার মোট ব্যাংকিং মূলধনের ১১ শতাংশ ছিল বিদেশী ব্যাংকগুলোর হাতে। সম্প্রতি রুশ কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয়, তারা বিদেশী ব্যাংকের ইউনিটগুলোকে দেশীয় ব্যাংকগুলোর মতো সমানভাবে দেখে আসছে। বিশেষ করে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় না।
রাইফিসেন ব্যাংক করপোরেট ক্লায়েন্টদের পরিষেবা দিতে মস্কোয় একজন ব্যবস্থাপক নিয়োগের জন্য জুলাইয়ের মাঝামাঝিতে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। সিটিব্যাংক রাশিয়াও অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। ২ লাখ রুবল (৩ হাজার ৬০৯ ডলার) মাসিক বেতন দিয়ে একজন ক্রেডিট ম্যানেজার এবং ৮৫ হাজার রুবল মাসিক বেতন দিয়ে একজন জুনিয়র বিশেষজ্ঞ খুঁজছিল।
ইতালীয় ব্যাংকিং গ্রুপ ইন্তেসা সানপাওলো রুশ ভোক্তা ব্যাংকিং ব্যবসার পাশাপাশি বৈদেশিক মুদ্রার বন্দোবস্তের বিশেষজ্ঞদের খুঁজছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। দেশটির আরেক ব্যাংক ইউনিক্রেডিট গ্রুপের রুশ ইউনিট ইউনিক্রেডিট ব্যাংক রাশিয়া দেশটিতে ব্যবসা বিক্রির জন্য ক্রেতা খুঁজছে। যদিও ব্যাংকটি দেশটিতে আইটি সম্পর্কিত ১০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
গত এপ্রিলে প্রথম বিদেশী ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে ফরাসি ব্যাংক সোসাইটি জেনারেল ২৪ ফেব্রুয়ারির পরে রাশিয়া ছেড়ে যায়। ব্যাংকটি রোসব্যাংক ইউনিট রুশ অলিগার্ক ভ্লাদিমির পোতানিনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ইন্টারোস ক্যাপিটালের কাছে বিক্রি করে দেয়।









