সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম শহর দুবাই। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দুবাইয়ের আবাসন খাতের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অলসপ অ্যান্ড অলসপের আবাসন প্রতিষ্ঠানটির তথ্য বলছে, এ বছর প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বিক্রি ৩ শতাংশ বেড়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিক্রি বাড়ার জন্য সুদহার বৃদ্ধি ও বাজারে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব দায়ী।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি ঊর্ধ্বমুখী ছিল। অলসপ অ্যান্ড অলসপের প্রধান নির্বাহী কর্মকর্তা লিউইস অলসপ জানান, সময়ের ব্যবধানে কভিডের অভিঘাত কাটিয়ে উঠছে আবাসন খাত। এর জের ধরেই বিক্রি বেড়েছে। তবে মে মাসের তুলনায় জুনে বিক্রয়মূল্য আকস্মিকভাবে কম ছিল।

এদিকে দুবাই মারিনা ও ডাউনটাউন দুবাইয়ে বাড়ির বিক্রয়মূল্য কম ছিল। সংশ্লিষ্টরা জানান, ক্রেতারা আরো সুলভমূল্যে বাড়ি কেনার বিকল্প খুঁজছেন।

দ্য স্প্রিংস ও দুবাই হিলস এস্টেটের বাড়ির বিক্রয়মূল্য ঊর্ধ্বমুখী ছিল। আবার দাম কমেছে জুমেরিয়াহ গলফ এস্টেটে। শহরটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিলাসী ভিলার। এক্ষেত্রে বাড়ির বিক্রয়মূল্য বেড়েছে ৬২ শতাংশ। যদিও সম্পত্তির লেনদেন ১১ শতাংশ কম ছিল।

এ বিষয়ে লিউইস অলসপ জানান, দ্বিতীয় প্রান্তিকে অভিবাসীর সংখ্যা কম থাকতে পারে। তবে ক্রেতাদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য হারে বেশি ছিল। গড় বাড়ি ভাড়ার দিক থেকে দুবাই মারিনা ও ডাউনটাউন অঞ্চলে ভাড়া অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। দুবাই হিলস এস্টেট, দ্য স্প্রিংস, জুরেমিয়াহ গলফ এস্টেট, ডাউনটাউন দুবাই ও দুবাই মারিনার মধ্যে লেনদেনের পার্থক্য মূলত দুবাইয়ের সম্পত্তির বাজারে বিভিন্ন ক্যাটাগরির ক্রেতাদের শ্রেণীবিন্যাস করার তাত্পর্যকে নির্দেশ দেয়।

উদাহরণস্বরূপ, সার্বিকভাবে গড় বিক্রয়মূল্যের বৃদ্ধি বা হ্রাসের অর্থ এই নয় যে, প্রতিটি ক্ষেত্রেই দাম বেড়েছে বা কমেছে। জমির মালিক ও বিক্রেতাদের এ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সম্পত্তির বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

আবাসন খাতের বাজারে বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে দুবাই। বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আরব আমিরাতের শহরটি। এর জের ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় জমান শহরটিতে। ব্যবসায়িক লেনদেন বা অবসর যাপনের জন্য শহরটি বিশেষ গুরুত্বপূর্ণ। সে সূত্র ধরে আবাসন খাতের লেনদেন বরাবরই ঊর্ধ্বমুখী থাকে।