প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর গত সপ্তাহে ২২ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে বন্ডটির ৪৫ কোটি ৪ লাখ ২০ হাজার ইউনিট লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ৯ কোটি ৮০ হাজার টাকা। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফান্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৬ নভেম্বর প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। এর পর থেকে ফান্ডটির ইউনিটদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটদর দাঁড়িয়েছে ২৮ টাকা ২০ পয়সায়। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩১ পয়সা।