আর্জেন্টিনায় খরা পরিস্থিতির অবনতি ঘটছে। তার ওপর সম্প্রতি দেশটির ওপর দিয়ে বয়ে গেছে দাবদাহ। এতে সয়াবিন উৎপাদন পূর্বাভাস আরো কমানোর কথা ভাবছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, লাতিন আমেরিকার দেশটিতে ২০২২-২৩ বিপণন মৌসুমে ৩ কোটি ৮০ লাখ টন সয়াবিন উৎপাদন হবে। যদিও মৌসুমের শুরুতে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৮০ লাখ টনের পূর্বাভাস দিয়েছিল। খরা শুরু হওয়ার পরই পূর্বাভাস কোটি টন কমানো হয়।
এক্সচেঞ্জটি জানায়, সাতদিন ধরে তাপমাত্রা আরো বেড়েছে। শুষ্ক আবহাওয়া ফসলের বেড়ে ওঠার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার কৃষিপ্রধান অঞ্চলগুলোই খরায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে।
আর্জেন্টিনা ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার সঙ্গে লড়াই করছে। এর মধ্যে কিছু এলাকায় গত বছরের মে মাস থেকেই খরা চলছে। ফলে দেশটির কৃষকরা দেরিতে আবাদ করতে বাধ্য হয়েছেন।
আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) মনে করছে, নিম্নমুখী উৎপাদন ও মাড়াইয়ের কারণে এবার দেশটির রফতানি তলানিতে নামতে পারে।









