চাল রফতানির বৈশ্বিক তালিকায় পাকিস্তানের অবস্থান পঞ্চম।
সম্প্রতি দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি আরো বেড়েছে।
এদিকে রফতানি ঊর্ধ্বমুখী থাকায় এ খাতে দেশটির আয়ও বেড়েছে।
পাকিস্তানের সরকারি সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
খবর দ্য ন্যাশন।
পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ বিপণন বর্ষের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশটি থেকে মোট ২৩ লাখ ৯৬ হাজার ৩৮৭ টন চাল আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে, আগের বিপণন বর্ষের তুলনায় যা ৫ দশমিক ৭১ শতাংশ বেশি।
পণ্যটি রফতানি থেকে এ সময় দেশটি আয় করেছে ১২১ কোটি ৪০ হাজার ডলার।
আগের বছরের একই সময়ে ২০ লাখ ৭৫ হাজার ১৭৮ টন চাল রফতানি করে দেশটি মোট ১০৫ কোটি ৪০ হাজার ডলার আয় করেছিল।
জুলাই-জানুয়ারি পাকিস্তান থেকে বাসমতি চালের রফতানি দ্বিগুণের বেশি বেড়েছে।
চলতি বিপণন বর্ষের প্রথম সাত মাসে দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ৫১ দশমিক ৬৭ শতাংশ বা ৪৯ হাজার ১২৬ টন বেড়েছে।









