কভিডের পর এই প্রথম বসন্তকালীন মুনাফা অর্জন করেছে রায়ানএয়ার। এ বছর মোট যাত্রীসংখ্যা কভিডপূর্ব স্তরকে ছাড়িয়ে গিয়েছে। তবে শরতে কভিডের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্কতা জারি করেছে আইরিশ উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির করপূর্ব মুনাফা ছিল ২০ কোটি ৩০ লাখ ইউরো। যেখানে গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ৩২ কোটি ৫০ লাখ ইউরো লোকসান করেছিল। সর্বশেষ প্রান্তিকে সংস্থাটির যাত্রীসংখ্যা ২০১৯ সালের তুলনায় ৯ শতাংশেরও বেশি বেড়ে ৪ কোটি ৫৫ লাখে উন্নীত হয়।

কভিড-১৯ মহামারীকালে ব্যাপক লোকসান করে এয়ারলাইনসগুলো। তবে বিধিনিষেধ শিথিল করায় যাত্রী পরিবহন বেড়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর। তবে আকস্মিক এ বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে খেই হারিয়ে ফেলছে অনেক এয়ারলাইনস ও বিমানবন্দর। এতে ফ্লাইট বিলম্ব ও বাতিল হচ্ছে।

এ বিষয়ে রায়ানএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ও’ লিয়ারি জানান, এ পুনরুদ্ধার শক্তিশালী তবে ভঙ্গুর ছিল। এর প্রমাণ হলো, চাহিদা অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। তবে যাত্রীরা আগের তুলনায় কম সময় আগে ফ্লাইট বুকিং করছেন।