করোনা মহামারী শুরুর পর প্রথমবারের মতো ক্রুজ জাহাজকে স্বাগত জানাল নিউজিল্যান্ড। দেশটির পর্যটন শিল্পের দীর্ঘ প্রতীক্ষিত এ পদক্ষেপ স্বাভাবিকতার দিকে ফিরে আসার ইঙ্গিত দেয়।

এপির খবর অনুসারে, কভিডের সংক্রমণ মোকাবেলায় ২০২০ সালের শুরুতেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল নিউজিল্যান্ড। গত মে মাসে উড়োজাহাজে আসা পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিয়েছিল দেশটি। সম্প্রতি দেশটি সমুদ্রপথে আসা ভ্রমণকারীদের অনুমতিসহ বাকি সব বিধিনিষেধ তুলে নেয়।

নিষেধাজ্ঞা শেষে কার্নিভাল অস্ট্রেলিয়ার প্যাসিফিক এক্সপ্লোরার নামের ক্রুজ জাহাজটিকে স্বাগত জানিয়েছে ওশেনিয়ার দেশটি। গতকাল সকালে প্রায় দুই হাজার যাত্রী ও ক্রু বহন করা প্রমোদতরীটিকে অকল্যান্ডে নোঙর করার অনুমতি দেয়া হয়। সিডনি থেকে ছেড়ে আসা প্রমোদতরীটি ১২ দিনের ফিরতি ভ্রমণের অংশ হিসেবে নিউজিল্যান্ডে যাত্রাবিরতি দিয়েছে।

এপিকে দেয়া একটি সাক্ষাত্কারে দেশটির পর্যটনমন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ বলেন, আশ্চর্যজনক, তাই না? আমাদের সীমান্ত পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে এটি আরেকটি পদক্ষেপ। তবে আমাদের আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ও রাজস্ব প্রাক-কভিড স্তরে ফিরতে কিছুটা সময় লাগবে। এ শিল্প নিউজিল্যান্ডের বৈদেশিক আয়ের প্রায় ২০ শতাংশ এবং জিডিপিতে ৫ শতাংশের বেশি অবদান রাখে।