কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ফোর্ড। ব্যয় সংকোচন ও বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটি চার হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে চলেছে। ব্লুমবার্গ বলছে, মোট আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফোর্ড।
তবে কারখানার কর্মীরা এ ছাঁটাইয়ের মুখোমুখি হবে না বলে আশা করা হচ্ছে। তবে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনায় পরিবর্তন এবং পর্যায়ক্রমে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হতে পারে। তবে চলতি গ্রীষ্মেই এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হতে পারে। সংস্থাটির মুখপাত্র এ খবরকে জল্পনা হিসেবে আখ্যায়িত করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে গ্রুপটি ইভিতে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনার হালনাগাদ তথ্য দিতে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছে। বৈঠকে সংস্থাটির নির্বাহীরা ২০২৩ সালের মধ্যে বার্ষিক ছয় লাখ ইউনিট এবং ২০২৬ সালের শেষ নাগাদ ২০ লাখেরও বেশি ইভি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা তুলে ধরবেন।
একটি বার্তায় সংস্থাটির মুখপাত্র রি আর রিড বলেন, আমরা আগে থেকেই বলে আসছি যে আমাদের ফোর্ডপ্লাস রূপান্তর (ইভি উদ্যোগ) এবং বিদ্যুচ্চালিত যানবাহনের যুগে নেতৃত্ব দিতে সব প্রতিবন্ধকতা অপসারণ করছি। এ উদ্যোগের অংশ হিসেবে আমরা আমাদের কর্মসংস্থানকে নতুন আকার দিচ্ছি। এজন্যই অটোমোটিভ ব্যবসায়িক ইউনিট এবং প্রতিষ্ঠানজুড়ে আমাদের কার্যক্রমকে আধুনিকীকরণ করছি। আমরা আমাদের খরচ কাঠামোর জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য এ শিল্পের সেরা ও শক্তিশালী অবস্থান তৈরি।
সাম্প্রতিক সময়ে টেসলাসহ অন্য বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জের মুখে পড়েছে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিষ্ঠানগুলো ইভিতে স্থানান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করছে। এ উদ্যোগের অংশ হিসেবে গত মার্চে ফোর্ড ই নামে বিদ্যুচ্চালিত গাড়ি ইউনিট আলাদা করার ঘোষণা দেয়। সে সময় ফোর্ড জানিয়েছিল, সংস্থাটি ২০২৬ সালের মধ্যে বার্ষিক ২০ লাখ ইউনিট ইভি তৈরি করতে চায়। এ সংখ্যা সংস্থাটির বিশ্বব্যাপী উৎপাদিত গাড়ির এক-তৃতীয়াংশ। এ উদ্যোগে সংস্থাটি ৫ হাজার কোটি ডলার ব্যয়েরও ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির নির্বাহীরা বলছেন, জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িতে ব্যয় কমিয়ে ফোর্ড বছরে ৩০০ কোটি ডলার সাশ্রয় করতে চায়। মিশিগানভিত্তিক সংস্থাটি জানিয়েছিল, ২০২৫ সালে পরবর্তী প্রজন্মের মডেলগুলো উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত ইভি ব্যবসা লাভজনক হবে না।
গত ফেব্রুয়ারিতে ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লে একটি কনফারেন্সে বলেছিলেন, আমরা জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির কার্যক্রমে খরচ কমানোর সুযোগ খুঁজছি। আমাদের বিপুলসংখ্যক কর্মিবাহিনী রয়েছে। বর্তমান ম্যানেজমেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে আমাদের জীবাশ্ম জ্বালানিচালিত ও ইভি ব্যবসা কম লাভজনক পর্যায়ে রয়েছে।









