আর্থিক খাতে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (পিএলএফএসএল) বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির নাম পরিবর্তন ও অন্যান্য ইস্যুতে শেয়ারহোল্ডারদের কাছে অনুমোদন নেয়া হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, কোম্পানিটির নতুন নাম ‘‌সোনার বাংলা লিজ ফাইন্যান্স পিএলসি’ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএলএফএসএল পর্ষদ। ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ ডিসেম্বর। 

সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌসকে। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ শফিকুর রহমান, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের আমানতকারীদের প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও মো. সগীর হোসেন খান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন মো. সগীর হোসেন খান।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএলএফএসএল। তথ্যানুসারে, ২০২১ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়। 

২০২০ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা।