পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার কাছে থাকা কোম্পানিটির ৮ লাখ ১৬ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হয়। ২০ ডিসেম্বর এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ২৫ ডিসেম্বর কোম্পানির আরেক উদ্যোক্তা রুবিনা হামিদ ৫ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ফৌজিয়া মালেকের (মৃত) ১২ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তারা। 

উল্লেখ্য, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ও পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ শেয়ার বিক্রির জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর আগে সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালক অ্যাডভোকেট শায়লা ফেরদৌস ৭ লাখ ১৭ হাজার ৪২৯, উদ্যোক্তা সাইদুর রহমান খান ২ লাখ ৫০ হাজার ২৯, পরিচালক রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০, রুবিনা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০, উদ্যোক্তা পরিচালক ড. কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, উদ্যোক্তা শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩, উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও জাহিদ মালেক ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। রুবিনা হামিদের স্বামী হলেন ড. কাজী আখতার হামিদ। শাবানা মালেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী ও রাহাত মালেক তাদের সন্তান।

শেয়ার বিক্রির বিষয়ে এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছিল সানলাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে আইনি ছাড়সহ বেশকিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ১৩ জন শেয়ারধারী পরিচালক, যাদের কাছে কোম্পানিটির ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে তাদের মাধ্যমে পর্ষদ গঠন করতে হবে। নতুন পরিচালকদের সবসময় কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ ধারণ করতে হবে।