কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে মেধাস্বত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক। এমন অভিযোগ এনে মামলা করেছে আরেক প্রতিষ্ঠান মডার্না। খবর বিবিসি।

মার্কিন বায়োটেক কোম্পানিটি বলছে, করোনা মহামারীর আগে তৈরি তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার-বায়োএনটেক।

যুক্তরাষ্ট্র ও জার্মানিতে দায়ের করা মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এক বিবৃতিতে মডার্না বলছে, অভিযুক্তরা তাদের মেধা স্বত্বাধীন টিকার দুটি মূল উপাদান নকল করেছে। যার একটি ‘রাসায়নিক পরিবর্তন’-এর সঙ্গে জড়িত। যা প্রতিরোধী প্রতিক্রিয়াকে উস্কে দেয়। বিজ্ঞানীরা ২০১৫ সালে মানব দেহে প্রথমবার এর পরীক্ষা চালান। অন্যটি ভাইরাসের বাইরের স্বতন্ত্র স্পাইক প্রোটিন নিয়ে কাজ করে।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, আমরা মহামারীর আগের দশকে  উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তি প্রবর্তন করেছি তা রক্ষার জন্য এ মামলা। এ প্রযুক্তি তৈরিতে আমরা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি ও পেটেন্ট করেছি।

প্রতিদ্বন্দ্বীর এ ধরনের পদক্ষেপে বিস্মিত হয়েছে বলে জানায় ফাইজার-বায়োএনটেক। তারা অভিযোগের বিরুদ্ধে জোরালোভাবে আত্মরক্ষা করবে।