নতুন প্রস্তাবিত কোম্পানি এডিএন মিডিয়া লিমিটেডের ৪৫ শতাংশ শেয়ারের মালিকানা অর্জনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের পর্ষদ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, প্রস্তাবিত কোম্পানিটির এক লাখ শেয়ারের মধ্যে ৪৫ শতাংশ অর্থাৎ ৪৫ হাজার শেয়ার গ্রহণ করবে এডিএন টেলিকম। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা, যার আর্থিক মূল্য ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট প্রাথমিক পরিশোধিত মূলধন ১ কোটি টাকা। কোম্পানিটি একটি ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করবে, যা অসংখ্য ব্যবসার সুযোগ তৈরি করবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৩ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিএন টেলিকম পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এডিএন টেলিকমের সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৯৭ পয়সা।