জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি বিদ্যমান ‘এ’ থেকে ‘বি’তে অবনমন হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় ক্যাটাগরির অবনমন হয়। আজ থেকে এটি কার্যকর হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৪৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রোটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়িত এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৯০ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ৩৭ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছর শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়িত এনএভিপিএস ছিল ৩২ টাকা ৩৭ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।









