ভ্রমণের শ্রেষ্ঠ সময় গ্রীষ্মকাল। অবসর যাপনে এ সময় ভ্রমণপিপাসুরা উড়োজাহাজে বেশি ভ্রমণ করেন। এখন ফুরিয়ে আসছে এ মৌসুম। এর জের ধরে কমছে যাত্রীদের ভিড়। দ্য হিন্দুর এক প্রতিবেদন অনুসারে, মে মাসের তুলনায় চলতি বছরের জুনে ভারতীয় এয়ারলাইনসগুলোর অভ্যন্তরীণ পরিবহনে যাত্রীসংখ্যা ৮ দশমিক ৩ শতাংশ কমেছে।

মে মাসে এয়ারলাইনসগুলোর মোট যাত্রী পরিবহন ছিল ১ কোটি ১৪ লাখ। জুনে তা কমে ১ কোটি ৫ লাখে দাঁড়ায়। এর জের ধরে এয়ারলাইনসগুলোর যাত্রী পরিবহন সক্ষমতার ব্যবহার বা পিএলএফে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে।

সবচেয়ে বেশি পিএলএফ ছিল স্পাইসজেটের। উড়োজাহাজ পরিবহন সংস্থাটির পিএলএফ ছিল ৮৪ দশমিক ১ শতাংশ। ভিসতারার ৮৩ দশমিক ৮ শতাংশ ও গো ফার্স্টের পিএলএফ ৭৮ দশমিক ৭ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার দিক থেকে শীর্ষে ছিল এয়ার এশিয়া ইন্ডিয়া।

নির্ধারিত সময়ের ১৫ মিনিটের মধ্যেই ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হয় সংস্থাটি। এয়ার এশিয়া ইন্ডিয়ার নির্দিষ্ট সময়ে ফ্লাইট পরিচালনার হার ৮৯ দশমিক ৮ শতাংশ। ভিসতারার ক্ষেত্রে এ হার ৮৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ইন্ডিগোর ক্ষেত্রে তা ৮৪ দশমিক ৫ শতাংশ।