চলতি সপ্তাহের শুরুতে গতকাল দেশের পুঁজিবাজারে দরপতন ঘটেছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ৩৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকালে লেনদেন শুরুর পর প্রথম মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে অস্থিরতা দেখা গেছে। দুপুর ১২টার পর সূচকের আরো ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত দিন শেষে আগের দিনের তুলনায় ১০ দশমিক ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৫ দশমিক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯৫ পয়েন্টে।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি ও কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৪১২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬২৭ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪৪২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩২টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ১৯১টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৭ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ভ্রমণ খাত। খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ। গতকাল ডিএসইতে নেতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল টেলিকম, ট্যানারি, আর্থিক প্রতিষ্ঠান ও পাট খাত।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২০ দশমিক ৫ পয়েন্ট কমে ১১ হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৮৮ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৩ দশমিক ৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ হাজার ৫৪১ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ৮০টির বাজারদর। গতকাল সিএসইতে ৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি ৫০ লাখ টাকা।









